| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


চলচ্চিত্র কেবল বিনোদনের উৎস নয়; এটি মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও চেতনা গঠনে একটি শক্তিশালী মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৪ মে) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্য সংসদ এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিল (আইসিসিআর) যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র কেবল বিনোদনের জন্য নয়; এটি মানুষের মানসিকতা, বিশ্বদর্শন এবং চেতনা নির্মাণের একটি শক্তিশালী মাধ্যম।
একটি সৃজনশীল কাজ, সেটি চলচ্চিত্র হোক বা বই—মানুষের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন, এমনকি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে।’
তিনি আরো বলেন, একটি সৃজনশীল কাজ মানুষের চিন্তায় গভীর প্রভাব ফেলতে পারে এবং দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটাতে সক্ষম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শ্রী পাওয়ান বড়ে, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং প্রখ্যাত নির্মাতা ও পরিচালক তানভীর মোকাম্মেলসহ আরো অনেকে।
এর আগে ৩ মে (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি সত্যজিৎ রায়কে মানুষের ‘মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতার চিকিৎসক’ হিসেবে উল্লেখ করে তার চলচ্চিত্রকে জীবন ও সমাজ বোঝার অনন্য মাধ্যম হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও উন্নয়ন অংশীদারত্ব) শ্রী নারপৎ সিং বলেন, সত্যজিৎ রায় কেবল একজন চলচ্চিত্র নির্মাতা নন; তিনি একাধারে লেখক, ইলাস্ট্রেটর ও সংগীত পরিচালকও ছিলেন। ‘পথের পাঁচালী’র মাধ্যমে তিনি বিশ্ব চলচ্চিত্রে বাস্তবধর্মী ধারার সূচনা করেন এবং ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
এদিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, চারুকলা বিভাগের সহযোগিতায় আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় একটি বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।
Posted ৮:০৩ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin