| রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট


বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রতিষ্ঠাকালীন ও সাবেক তিন ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। এতে স্থানীয় ছাত্ররাজনীতিতে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা পৃথক দুই বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে জেলা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ববি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ও সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন।
একই কমিটিতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ববি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ও সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন।
অন্যদিকে, বরিশাল মহানগর ছাত্রদলের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন ববি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ও সাবেক ক্রীড়া সম্পাদক মো. সিহাব।
বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন বলেন, দুঃসময়ে সক্রিয় কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বরিশাল জেলা ছাত্রদলকে আরো সৃজনশীল ও মেধাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি জানান।
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিহাব বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা তাকে দায়িত্বশীল রাজনীতিতে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। নতুন দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে চান।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা এসব নেতার সাংগঠনিক অভিজ্ঞতা মহানগর ও জেলা পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে।
তবে নতুন এই কমিটির সামনে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ৫:১৪ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬
www.pathokkantho.com | admin