| সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট


সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। শনিবার (১৬ মে) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল আদালতে এই আবেদন করেন।
২৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ মে) সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন শাখা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আদালতে জমা দেওয়া পুলিশের আবেদন সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করা এই হত্যা মামলায় তদন্তে এ বি এম খায়রুল হকের নাম উঠে এসেছে। তিনি বর্তমানে অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছেন।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং প্রাথমিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ২০ বছর বয়সী যুবক খোবাইব। যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অতর্কিত গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান খোবাইব।
এই ঘটনায় নিহত খোবাইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করতে এবং কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে একটি রুলও জারি করেছেন উচ্চ আদালত। তার এক দিন পরই যাত্রাবাড়ী থানার এই আবেদনের বিষয়টি সামনে এলো।
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
www.pathokkantho.com | admin