| মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট


ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহর বিরুদ্ধে হাইকোর্টের একটি আদেশ অবমাননার অভিযোগ উঠেছে। এ অবমাননার প্রশ্নে আবারও তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. উত্তম কুমার দাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীনের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষাবোর্ডকে বিষয়টি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন।
ওই আদেশ না মানায় গত ২৬ এপ্রিল বোর্ড চেয়ারম্যানের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।
এ আইনজীবী আরো জানান, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি গঠন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ওই কমিটি আইন লঙ্ঘন করে ছৈয়দ রায়হান উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত শুরু করে।
তবে অভিযোগকে চ্যালেঞ্জ করে ছৈয়দ রায়হান উদ্দীন হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট ওই রিটের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করেন। পাশাপাশি বিষয়টি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দেন হাইকোর্ট। তবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে চেয়ারম্যান আদেশ না মানায় গত ২৬ এপ্রিল আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের ও মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।
এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়রম্যান ড. মো. শহীদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর যথা সময়েই জবাব দিয়েছি। কিন্তু এর পরও কেন অবমাননার রুল জারি করা হয়েছে সেটা বলতে পারছি না। এ বিষয়ে আমাদের আইন বিভাগ খোঁজ নিচ্ছে।
কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীন বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আমি কোনো কথা বলতে রাজি নই।
Posted ১:০৩ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(147 বার পঠিত)
(114 বার পঠিত)