| সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট


সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এ বিষয়ে হাইকোর্টে রিট করেন।
দেশের তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা বা পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী।
পরে আইনজীবী ফাতেমা এস চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গ্রমীণ ব্যাংকের সুদহার জানতে আমরা চিঠি দিয়েছিলাম। আমাদের জানামতে গ্রামীণ ব্যাংকের সুদের হার ২০ শতাংশ বা তার ওপরে। কিন্তু গ্রামীণ ব্যাংক আমাদের কোনো তথ্য দেয়নি। তারা বলেছে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে, আমাদের জানাবে না।
এরপর আমরা রিট করেছি। আদালত গ্রামীণ ব্যাংকের সুদহার তফসিলি ব্যাংকের সমান আনার প্রশ্নে রুল জারি করেছেন।’
এদিকে হামের টিকা সংগ্রহ, বিতরণে অনিয়ম, বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার দায় নিরূপণে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। গত রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রিট করেন।
রিট আবেদনকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রিটের ওপর আংশিক শুনানি হয়েছে।
মঙ্গলবার শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।’
এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া সাড়ে তিন শতাধিক শিশুর প্রত্যেক পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটেও শুনানি হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গতকাল এই রিটে আংশিক শুনানি হয়। মঙ্গলবার ফের শুনানি ও আদেশের জন্য রেখেছেন। মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মোহামমদ কাউছার, মো. মাকসুদুর রহমান গত ১০ মে জনস্বার্থে এই রিট করেন।
সূত্র কালের কণ্ঠ
Posted ৭:১১ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(149 বার পঠিত)
(116 বার পঠিত)