আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীতে বিচ্ছেদের ১১ দিনের মাথায় মামলা, গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া পরিবার; অসুস্থ মায়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ

  |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

রাজশাহীতে বিচ্ছেদের ১১ দিনের মাথায় মামলা, গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া পরিবার; অসুস্থ মায়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ

রাজশাহীতে তালাকের ১১ দিনের মাথায় সাবেক স্ত্রীর দায়ের করা মামলাকে ঘিরে হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে একটি পরিবার। মামলায় পরিবারের একাধিক সদস্যকে আসামি করায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তারা। একই সঙ্গে গুরুতর অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকার বাসিন্দা রকিবুল আলম রাসেদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নগরীর নতুন বিলশিমলা এলাকার রেজওয়ানা কবিরের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় চলতি বছরের ১ জুলাই দেশের প্রচলিত আইন ও ধর্মীয় বিধান মেনে স্ত্রীকে তালাক দেন তিনি।

রকিবুল আলমের অভিযোগ, তালাকের ১১ দিন পর ১২ জুলাই তার সাবেক স্ত্রী তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। তার দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।

তিনি বলেন, “মামলায় পরিবারের সদস্যদের আসামি করায় আমরা আতঙ্কের মধ্যে আছি। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। আমার বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে অ্যাজমা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে মামলার বাদী রেজওয়ানা কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় ও মামলার বিষয়ে জানতে চান। পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত বলা সম্ভব নয়।”

ভুক্তভোগী পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

Posted ১১:৪৫ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137