বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

বরফ জমা বোতল দিয়ে শিক্ষকের আঘাতে গুরুতর আহত স্কুলছাত্র

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

বরফ জমা বোতল দিয়ে শিক্ষকের আঘাতে গুরুতর আহত স্কুলছাত্র

নেত্রকোনায় এক সহকারী শিক্ষকের মারধরের কারণে মুগ্ধ তালুকদার নামের পঞ্চম শ্রেণির ছাত্র গুরুতর আহত হয়েছে। মারধরের ঘটনা বাড়িতে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন ওই শিক্ষক।

 

সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।

 

আহত মুগ্ধ তালুকদার (১১) মোহনগঞ্জ উপজেলার বরান্তর হানিফ তালুকদারের ছেলে।

 

তার মা-বাবা কাজের সন্ধানে ঢাকায় বসবাস করেন। আর মুগ্ধ তার নানার বাড়ি বরান্তর গ্রামে থেকে পার্ম্ববর্তী রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ভেতরে সহকারী শিক্ষক কাউসার আহমেদ ফ্রিজে থাকা বরফে জমাট বাঁধা পানির বোতল দিয়ে মুগ্ধর মাথায় একাধিকবার আঘাত করেন। অন্য শিক্ষার্থীদের দুষ্টমির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন শিক্ষক।

 

আঘাতের পরপরই মুগ্ধ জ্ঞান হারিয়ে ফেলে। সহপাঠীরা মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফিরে পেয়েছে। পরে শিক্ষক তাকে বাড়িতে কিছু না বলতে হুমকি দিয়ে পাঠিয়ে দেন।

পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফেরার পর রাতে কয়েক দফা মুগ্ধ জ্ঞান হারায়, বমি করে এবং তার কান দিয়ে রক্ত বের হয়।

 

এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে রাত কাটায়। মঙ্গলবার সকালে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সরকার বলেন, ‘মাথায় আঘাতটি জটিল মনে হচ্ছে। রাতে বমি করেছে, কয়েকবার অজ্ঞান হয়েছে। এসব লক্ষণ ভালো নয়।

 

সিটি স্ক্যান করে অবস্থা বুঝতে হবে।’

তিনি আরো বলেন, ‘রোগীর অবস্থা বিবেচনায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

 

শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, শিক্ষক কাউসার উচ্ছৃঙ্খল স্বভাবের। প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন তিনি।

 

আহত মুগ্ধর খালা মুক্তা খান বলেন, ‘বাড়িতে ফেরার সময় হুমকি দেন ওই শিক্ষক। মারার ঘটনা বাড়িতে জানালে আবার পেটাব। পরীক্ষায়ও ফেল করিয়ে দেব। রাতে আরো কয়েকবার অজ্ঞান হয়েছে মুগ্ধ। আমরা এ ঘটনায় সঠিক বিচার চাই।’

 

অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, উপজেলা শিক্ষা অফিসার আগামীকাল এ নিয়ে তদন্ত করবেন।

 

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিমেল কদর (চলতি দায়িত্ব) বলেন, ‘এখনো এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আপনার থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Posted ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137