আইন- আদালত
আইন- আদালত >>

রাজস্থান রয়্যালসের মালিক এখন ভারতের ‘স্টিল ম্যাগনেট’

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

রাজস্থান রয়্যালসের মালিক এখন ভারতের ‘স্টিল ম্যাগনেট’

 

আইপিএলের মাঝেই বদলে গেল একটি দলের মালিকানা। টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের মালিক এখন ভারতের ইস্পাত খাতের শীর্ষ শিল্পপতি লক্ষ্মী মিত্তাল, যাকে ‘স্টিল ম্যাগনেট’ বা ‘কিং অব স্টিল’ বলা হয়।

 

লক্ষ্মী মিত্তালের সঙ্গে রাজস্থান রয়্যালসের মালিকানা কিনেছেন ধনকুবের আদর পুনাওয়ালা। তিনি বর্তমানে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান।

 

সেরাম ইনস্টিটিউট ভারতের পুনেতে অবস্থিত জৈবপ্রযুক্তি ও জৈব ওষুধ প্রস্তুতকারক কম্পানি। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

রাজস্থান রয়্যালস কিনতে প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলার (প্রায় ২০ হাজার ২৫০ কোটি টাকা) খরচ হয়েছে এই দুই প্রভাবশালী ব্যবসায়ীর। আজ এক যৌথ বিবৃতিতে মালিকানা বদলের খবর জানানো হয়েছে।

 

চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির প্রায় ৭৫ শতাংশের মালিকানা পাবে মিত্তাল পরিবার। পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ। বাকি অংশ থাকবে বিদ্যমান বিনিয়োগকারীদের কাছে, যাদের মধ্যে আছেন বিক্রেতা, অর্থাৎ পুরোনো মালিক মনোজ বাদালেও। তবে মালিকানা বদলালেও মনোজ আগের মতোই ফ্র্যাঞ্চাইজটির বোর্ডে যুক্ত থাকবেন।

 

IPL

আদর পুনাওয়ালা রাজস্থান রয়্যালসের ১৮% মালিকানা কিনেছেন। ছবি: ইন্সটাগ্রাম

শুধু আইপিএলে রাজস্থান রয়্যালসই নয়; তাদের মালিকানায় আছে দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) বার্বাডোজ রয়্যালস।

 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৬৫ কোটি ডলারের চুক্তিতে এই তিনটি ফ্র্যাঞ্চাইজির মোট এন্টারপ্রাইজ মূল্যই ধরা হয়েছে। মানে, সবই এখন নতুন মালিকদের অধীনে চলে যাচ্ছে।

 

লক্ষ্মী মিত্তাল তার এই বিনিয়োগ নিয়ে বেশ উচ্ছ্বসিত।

 

বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি ক্রিকেটকে ভালোবাসি আর আমার পরিবারের শিকড় রাজস্থানে। তাই আইপিএলে রাজস্থান রয়্যালসের চেয়ে প্রিয় দল আমার কাছে আর কোনোটি হতে পারত না।’

অন্যদিকে আদর পুনাওয়ালা বিবৃতিতে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির দীর্ঘমেয়াদি বিকাশে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত, ‘রাজস্থান রয়্যালস একটি শীর্ষস্থানীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যার রয়েছে গৌরবময় ঐতিহ্য।’

 

মনোজ বাদালে বলেছেন, ‘মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালাকে রাজস্থান রয়্যালসের নতুন মালিক হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আবেগ, রাজস্থান ও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা মিলিয়ে তারা হবেন এই দলের আদর্শ অভিভাবক।’

 

২০০৮ সালে কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। সেই যে শুরু, এরপর গত ১৮ বছরে আর কোনো ট্রফি রাজস্থানের ক্যাবিনেটে ঢোকেনি।

 

তবে সম্প্রতি বৈভব সূর্যবংশীর আবির্ভাবে আইপিএলের অন্যতম আকর্ষণীয় ও ফেভারিট দল মনে করা হচ্ছে রাজস্থানকে। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে রাজস্থান। তবে শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্টের।

 

নতুন মালিকদের হাত ধরে রাজস্থানের দীর্ঘ সেই শিরোপাখরা কাটে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

Posted ৩:৫৩ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137