| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে যেন বইছে ‘থালাপতি-ঝড়’। শুরু থেকে শেষ পর্যন্ত একটানা দাপট দেখাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)। মাত্র দুই বছর আগে গঠিত দলটির একক ঝড়েই বড় ধাক্কা খেয়েছেন বিদায়ি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, নিজের শক্ত ঘাঁটি কোলাথুরেই মুখ থুবড়ে পড়েছেন স্ট্যালিন।
প্রতিদ্বন্দ্বী টিভিকের প্রার্থী ভি এস বাবুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত হোঁচট খেয়েছেন তিনি। সকালেই সামাজিক মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় সরিয়ে নেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়, আর দিনের শেষে সেই জল্পনাই যেন বাস্তবে রূপ নিল।
গণনার হিসাবে দেখা যাচ্ছে, তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একের পর এক আসনে এগিয়ে গিয়ে ম্যাজিক ফিগার ১১৮-এর দিকে দ্রুত এগোচ্ছে। অন্যদিকে দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম (এআইএডিএমকে)-এর বহু আসন হাতছাড়া হওয়ার মুখে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর ভোটার এবার স্পষ্ট বার্তা দিয়েছেন—পুরনো সমীকরণ ভেঙে নতুন নেতৃত্ব চাচ্ছেন তারা। ফলে দশকের পর দশক ধরে চলা ডিএমকে-এআইএডিএমকে দ্বিমেরু রাজনীতি কার্যত ভাঙনের মুখে।
প্রথম লড়াইতেই বাজিমাতের পথে বিজয়
দ্য হিন্দুর বরাতে ডেইলি স্টার বাংলার প্রতিবেদনে বলা হয়, প্রথমবার ভোটের ময়দানে নেমেই চমক দেখাচ্ছেন সি. জোসেফ বিজয়। প্রচারে নিজেকে ‘প্রতিটি তামিল পরিবারের সদস্য’ হিসেবে তুলে ধরা, আর ‘হুইসেল রেভল্যুশন’-এর ডাক—দুই মিলিয়ে তরুণ ও সাধারণ ভোটারদের বড় অংশকে নিজের দিকে টানতে সক্ষম হয়েছেন তিনি।
এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত ছিল বড় ঝুঁকি। তবু কোনো জোটে না গিয়ে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ ঘোষণা করে আলাদা অবস্থান তৈরি করেন তিনি। সেই কৌশলই এখন ফল দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
থালাপতির নির্বাচনী প্রতিশ্রুতিতে যা আছে
থালাপতির দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে : স্নাতকদের জন্য মাসে ৪ হাজার রুপি ভাতা, নারীদের জন্য ২ হাজার ৫০০ রুপি সহায়তা এবং বিয়ের উপহার হিসেবে সোনা ও শাড়ি। এ ছাড়া সরকারি পরীক্ষাগুলো সময়মতো নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।
Posted ৫:০০ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin