আইন- আদালত
আইন- আদালত >>

এআই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাই অবৈধ : চীনের আদালতের রায়

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

এআই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাই অবৈধ : চীনের আদালতের রায়

প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যুগান্তকারী এক রায় দিয়েছে চীনের আদালত। আদালত জানিয়েছে, ‘শুধু এআই বা রোবট দিয়ে কাজ করা যাবে—এই অজুহাত দেখিয়ে কোনো কম্পানি বা প্রতিষ্ঠান তার কর্মীদের চাকরি থেকে বের করে দিতে পারবে না।’

 

অর্থাৎ কম্পানি বা প্রতিষ্ঠান চাইলে এআই ব্যবহার করতে পারে, কিন্তু সে কারণে পুরোনো কর্মীদের ছাঁটাই করা এখন থেকে চীনে বেআইনি হিসেবে গণ্য হবে।

 

 

রবিবার (৩ মে) দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

চীনের এই সিদ্ধান্তকে তাদের শ্রমবাজার নিরাপদ রাখার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীন একদিকে যেমন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে সারা বিশ্বের মধ্যে সেরা হতে চায়, অন্যদিকে দেশের ধীরগতির অর্থনীতি আর তরুণদের বেকারত্বের সমস্যা নিয়ে তারা চিন্তিত। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাধারণ মানুষের চাকরি বাঁচানোকেও দেশটি এখন সমান গুরুত্ব দিচ্ছে।

 

 

পূর্ব চীনের হাংজু শহরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে এক কর্মী কাজ করতেন। কম্পানিটি ওই কর্মীর কাজগুলো এআই দিয়ে করা শুরু করে এবং তাকে নিচু পদে বদলি করে দেয়। কিন্তু ওই কর্মী নিচু পদে কাজ করতে রাজি না হওয়ায় কম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর তিনি এই অন্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

 

 

মামলাটি হাংজু আদালতে গেলে আদালত রায়ে জানায়, কর্মী ছাঁটাই বা কাউকে চাকরি থেকে বের করতে হলে কম্পানির বড় কোনো ক্ষতি বা ব্যবসা কমে যাওয়ার মতো জোরালো কারণ থাকতে হয়। কিন্তু এখন থেকে আমরা এআই দিয়ে কাজ করাব’—এটি কাউকে ছাঁটাই করার মতো কোনো বৈধ বা সঠিক কারণ হতে পারে না।

 

প্রযুক্তির উন্নয়নকে কারণ দেখিয়ে কোনো প্রতিষ্ঠান একতরফাভাবে কর্মীদের চাকরি থেকে বাদ দিতে বা বেতন কমাতে পারবে না। শ্রমিকদের অধিকার রক্ষা করা প্রতিষ্ঠানের আইনি দায়িত্ব।

 

বিশ্লেষকদের মতে, এই রায় চীনের অন্যান্য আদালতের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

একই সঙ্গে এটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা—এআই মানুষের সহায়ক হতে পারে, তবে এটি কর্মী ছাঁটাইয়ের হাতিয়ার হতে পারে না।

ধারণা করা হচ্ছে, চীনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে গুগল, মেটা, আলিবাবা গ্রুপের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই নীতিতেও প্রভাব ফেলতে পারে।

Posted ৪:৫৮ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137