
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্ত বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী আনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : দৈনিক পাঠক কন্ঠ।
বিশেষ প্রতিনিধি পাঠক কন্ঠ:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি ইতোমধ্যে জাতীয় খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছেন। আমরা ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে কার্ডের আওতায় এনেছি। পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে এই ক্রীড়া ভাতা ও কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্ত বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২৬-এর উদ্বোধনী আনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
আমিনুল হক বলেন, ‘আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তৃণমূল থেকে খেলোয়াড়দের উৎসাহিত করতে ৩০০-এর বেশি ক্রীড়া কার্ড প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়েও খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া সম্ভব।
তিনি আরো বলেন, ‘জয়-পরাজয় মূল কথা নয়। তরুণ প্রজন্মকে ডিভাইস-আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাবলিক থেকে প্রাইভেট, সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব হোসেন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত চলবে।